সারা বাংলা
ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

ভোলায় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার চাপায় মাওলানা ইউনুস (৮০) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভোলা–ইলিশা সড়কের পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা ইউনুস ভোলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকার মৃত মজিবল হক হাওলাদারের ছেলে। তিনি ইলিশা বাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভোলা–ইলিশা সড়কের পাকার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় মাওলানা ইউনুসকে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ডিবিসি/এসডব্লিউএন