আন্তর্জাতিক, ভারত
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দিল্লিতে বন্ধ হচ্ছে ৫৭টি মেট্রো স্টেশন

রাজধানী দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি মেট্রো রেল করপোরেশনের (ডিএমআরসি) নেটওয়ার্কে থাকা তিন শতাধিক স্টেশনের মধ্যে স্পর্শকাতর এলাকার এই স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধের সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার ডিএমআরসিকে দেওয়া এক চিঠিতে দিল্লি পুলিশের পরিবহন রেঞ্জের যুগ্ম কমিশনার রজনীশ গুপ্ত জানান, বিক্ষোভকারীদের অনিয়ন্ত্রিত জটলা যেন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার দিকে এগোতে না পারে, সেজন্য শুক্রবার রাত ৯টা থেকে শনিবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট স্টেশনগুলোর প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখা প্রয়োজন।
একই সঙ্গে এসব স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের সংখ্যা বা চলাচলের ব্যবধান কমানোর পরামর্শও দেওয়া হয়েছে।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করেই এই সতর্কতামূলক পদক্ষেপের প্রস্তাব দিয়েছে পুলিশ।
ডিবিসি/এসডব্লিউএন