ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুষ্টিয়ায় শতবর্ষী মন্দিরে রাতের আঁধারে চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় শতবর্ষী মন্দিরে রাতের আঁধারে চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ

সারা বাংলা

কুষ্টিয়ায় শতবর্ষী মন্দিরে রাতের আঁধারে চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কুষ্টিয়ার কুমারখালীতে এক শতবর্ষী মন্দিরের গণেশ, লক্ষ্মী, সিংহসহ অন্তত চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃ সার্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন পরিষদের নেতা ও উৎসুক জনতা ভিড় করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। এ সময় কারিগরের সঙ্গে মন্দিরের সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাসসহ আরও কয়েকজন ছিলেন।

 

এরপর সকাল ৬টার দিকে মন্দির কমিটির লোকজন দেখতে পান মন্দিরের বাঁশের বেড়া ভাঙা। ভেতরের গণেশ, লক্ষ্মী, সিংহসহ চারটি প্রতিমাতে ভাঙচুরের ক্ষত। নেই সিসিটিভি কিংবা নিরাপত্তার বলয়।

 

সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, মন্দির চত্বরে পুলিশ, পূজা উদযাপন পরিষদের নেতা, মন্দির কমিটির লোকজনসহ উৎসুক জনতার ভিড়। মন্দিরের বাঁশের বেড়া ভাঙা। মন্দিরের ভেতরে থাকা গণেশ, লক্ষ্মী, সিংহসহ চারটি প্রতিমায় ভাঙচুরের ক্ষত।

 

এ সময় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস বলেন, রাত দুইটার দিকে কাজ শেষে সকলেই বাড়ি চলে যান। সকাল ৬টার দিকে এসে দেখি গণেশ, লক্ষ্মী, সিংহসহ চারটি প্রতিমা ভাঙা রয়েছে। তার ভাষ্য, আর্থিক সংকটের কারণে এখনও সিসিটিভি স্থাপন করা হয়নি। পূর্বশত্রুতার জেরে কে বা কাহারা হামলা চালিয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী শংকর মজুমদার বলেন, সমাজের মধ্যে এক ধরনের অসুর রয়েছে। তারা উৎসবকে বিঘ্নিত করতে এবং পরিবেশ নষ্ট করতে এমন ভাঙচুর চালিয়েছে। প্রশাসন দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুক।

 

সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একধরনের কুচক্রী মহল রাতের অন্ধকারে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিএনপির নেতাকর্মীরা এবং প্রশাসন সর্বদা সতর্ক আছে।

 

মন্দির কমিটি এবং মন্দিরের জমি নিয়ে পূর্ববিরোধ আছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন