জাতীয়
শুধু সনদ নয়, মানবিক মানুষ হতে হবে শিক্ষার্থীদের: খাদ্যমন্ত্রী

শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল ও সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে, তাই শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; তাদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হতে হবে। শিক্ষা যেন মানুষের চিন্তা, বিবেক ও দায়িত্ববোধকে সমৃদ্ধ করে।
বর্তমান বিশ্বে টিকে থাকার বিষয়ে তিনি বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। বড় স্বপ্ন দেখার পাশাপাশি সততা ও কঠোর পরিশ্রম দিয়ে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।