সারা বাংলা
নড়াইলে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু শাহরিয়ার আহমেদ রাফির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।
রাফি মদিনাপাড়ার সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা।
পরিবার ও স্বজনেরা জানান, রাফি বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। সিসিটিভির ফুটেজেও এই দৃশ্য দেখা গেছে। তার মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশু রাফির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন