আন্তর্জাতিক
ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করতে পারি: নাভি পিল্লের রসিকতা

২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনবিদ নাভি পিল্লাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরস্কার পাওয়ার দাবি নিয়ে কৌতুক করেছেন। তিনি বলেন, দর্শকরা যদি আরেকটু জোরে করতালি দেন, তবে তিনি এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন। ঐতিহাসিক নুরেমবার্গ ট্রায়ালসের স্থানে দাঁড়িয়ে ধারণ করা সেই ভিডিওতে নাভি পিল্লাইকে হাসিমুখে এই মন্তব্য করতে দেখা যায়। ক্যালামার্ড এই মুহূর্তটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের বলে উল্লেখ করেন।
শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইন শক্তিশালী করার স্বীকৃতি হিসেবে ৮৫ বছর বয়সী নাভি পিল্লাইকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গাজায় ইসরায়েলের ভূমিকাকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ায় তিনি বিশ্বজুড়ে প্রশংসিত হন। এ বিষয়ে পিল্লাই বলেন, তথ্য ও আইনের ভিত্তিতে সত্য বলার জন্য আলাদা করে কোনো সাহসের প্রয়োজন হয় না।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে নিজেকে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছিলেন। এমনকি পাকিস্তান, ইসরায়েল ও কম্বোডিয়া বিভিন্ন বিরোধ মেটাতে ভূমিকার কথা বলে ট্রাম্পকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথাও জানিয়েছিল। নোবেল জয়ের পর ট্রাম্পের সেই দাবিকে ইঙ্গিত করেই এমন রসিকতা করলেন নাভি পিল্লাই।