আন্তর্জাতিক, আরব
ইস্তাম্বুলে ভবনধসে তিন শিশুসহ নিহত ৫

তুরস্কের ইস্তাম্বুলে ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে সর্বশেষ মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান শেষ হয় বলে জানিয়েছে ইস্তাম্বুল গভর্নরের কার্যালয়। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে নয়জনকে।
নিহত শিশুদের মধ্যে রয়েছে পাঁচ ও দশ বছর বয়সী দুই মেয়ে এবং ১২ বছরের এক ছেলে। গভর্নরের কার্যালয় জানায়, শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে শেষ মরদেহটি পাওয়া যায়।
বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ইস্তাম্বুলের এশীয় অংশে মালতেপে জেলার জেভিজলি এলাকায় ভবনটি আংশিক ধসে পড়ে। নিচের তিনটি তলা ভেঙে পড়লে ওপরের চারটি তলা ধ্বংসস্তূপের ওপর আটকে থাকে। আরও ধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ৫৫ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
ধসের কারণ এখনো জানা যায়নি। ইস্তাম্বুলের ডেপুটি মেয়র নুরি আসলান জানান, ভবনটি ১৯৮৭ সালে নির্মিত। এর বেজমেন্ট, নিচতলা ও ওপরের প্রথম দুটি তলা তৎকালীন মানদণ্ড মেনে নির্মাণ করা হলেও বাকি তলাগুলো পরে যুক্ত করা হয়।
মালতেপের মেয়র এসিন কোইমেন জানান, পৌরসভার নথি অনুযায়ী, বসবাসের অনুমতিপত্র দেওয়ার পর ওপরের দুটি তলা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল। ভবনটি নিয়ে আগে কোনো অভিযোগ পায়নি পৌরসভা। তবে তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিচতলার একটি দোকানের ব্যবস্থাপক এপ্রিল থেকেই ভবনে ফাটল দেখেছিলেন।
ঘটনার তদন্তে একজন উপপ্রধান প্রসিকিউটর ও দুজন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। পরিকল্পনা, নির্মাণ বা পরিবর্তনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দুজন পরিদর্শক নিয়োগ করেছে।
ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনের পরিবর্তে নিরাপদ আবাসন গড়তে ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন এলাকায় নগর পুনঃউন্নয়ন কর্মসূচি চলছে।
সূত্র: তুর্কি মিনিট
ডিবিসি/এসএফএল