সারা বাংলা
কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মাসুম মিয়া (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মাসুম মিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবাকে মারধর করতেন। টাকা না দিলে ছুরি দিয়ে আঘাত করার হুমকি দেওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করতেন। এমনকি তার অসুস্থ বাবাকেও বাড়িতে থাকতে দিতেন না। তার এমন আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন।
শুক্রবার সকালে মাসুমকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/আরএসএল