আন্তর্জাতিক, আরব
হরমুজে এলপিজিবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির

হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন পথে চলাচলের সময় একটি বড় এলপিজিবাহী জাহাজ আঘাতপ্রাপ্ত হয়ে তাতে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। শুক্রবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে বাহিনীটি এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, কয়েক ঘণ্টা আগে নাত ভিয়েত কোম্পানির মালিকানাধীন ‘এনভি সানশাইন’ নামের জাহাজটি ওই পথে যাওয়ার চেষ্টা করে। এ সময় জাহাজটি আঘাতপ্রাপ্ত হয় এবং এর ইঞ্জিনকক্ষ ও চালনাব্যবস্থায় বড় ধরনের আগুন লাগে।
আইআরজিসি নৌবাহিনী জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশ এবং এই জলপথে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জনদাবি অনুযায়ী তারা হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ কার্যকর করছে। সেখানে আগ্রাসী সেনাবাহিনীর উপস্থিতি মেনে নেওয়া হবে না। প্রণালির ব্যবস্থাপনা ব্যাহত করতে শত্রুপক্ষের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়ার কথাও জানায় বাহিনীটি।
এ ধরনের ঘটনা এবং আঞ্চলিক নৌপরিবহনে উত্তেজনা বৃদ্ধির জন্য মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি দায়ী করেছে আইআরজিসি। তাদের অভিযোগ, ওয়াশিংটন জাহাজ চলাচল ও বিমা কোম্পানিগুলোর কাজে হস্তক্ষেপ, তাদের বিভ্রান্ত করা এবং বড় অঙ্কের ঘুষ দেওয়ার মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করছে। মার্কিন হস্তক্ষেপ অব্যাহত থাকলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলেও সতর্ক করা হয়।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্ররোচনায় বিভ্রান্ত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়া হয়। নিয়ম লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত কোম্পানির সব জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
আইআরজিসি আরও জানায়, এই ব্যবস্থা শুধু হরমুজ প্রণালিতে সীমাবদ্ধ থাকবে না। অনুমোদনহীন পথ ব্যবহারকারী যেকোনো জাহাজকে অঞ্চলজুড়ে অনুসরণ করা হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে।
সূত্র: তাসনিম নিউজ
ডিবিসি/এসএফএল