ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

যুদ্ধবিমান ওড়ালেন থাইল্যান্ডের রানি

যুদ্ধবিমান ওড়ালেন থাইল্যান্ডের রানি

আন্তর্জাতিক, এশিয়া

যুদ্ধবিমান ওড়ালেন থাইল্যান্ডের রানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

সুইডেনের তৈরি গ্রিপেন যুদ্ধবিমান প্রথমবারের মতো একাই উড়িয়েছেন থাইল্যান্ডের রানি সুথিদা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় সুরাট থানি প্রদেশের উইং ৭ বিমানঘাঁটিতে এই উড্ডয়ন সম্পন্ন করেন তিনি। এ সময় রাজা মহা ভাজিরালংকর্ন সেখানে উপস্থিত থেকে রানির উড্ডয়ন প্রত্যক্ষ করেন।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের আগে ফ্লাইট পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা নেন রানি। ওই ব্রিফিংয়ে রাজাও অংশ নেন। এরপর বিমানটি পরীক্ষা করে এক আসনের জেএএস ৩৯সি গ্রিপেন নিয়ে আকাশে ওড়েন তিনি। এর আগে দুই আসনের জেএএস ৩৯ডি গ্রিপেন চালানোর অভিজ্ঞতা ছিল তার।


উড্ডয়ন শেষে রানিকে অভিনন্দন জানান রাজা। তিনি রানির হাতে ফুলের তোড়া ও ‘গ্রিপেন অর্ডার গোল্ডেন প্যাচ’ তুলে দেন। বিশেষ এই সম্মানচিহ্ন সুইডেনের তৈরি গ্রিপেন যুদ্ধবিমান চালানোর সঙ্গে সম্পর্কিত।


রানির বিমান চালানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। বিভিন্ন ধরনের উড়োজাহাজে তার মোট উড্ডয়ন সময় ১ হাজার ১৮৮ দশমিক ৪৮ ঘণ্টা। সেসনা, পিলাটাস ও পাইপারের পাশাপাশি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতাও রয়েছে তার।


২০১০ সালের ১৩ মে ব্যাংককের উইং ৬ বিমানঘাঁটিতে সেসনা টি-৪১ডি চালিয়ে পাইলট হিসেবে প্রথম আকাশে ওড়েন সুথিদা। এরপর রাজকীয় দায়িত্ব পালনে দেশের ভেতরে ও বিদেশের বিভিন্ন ফ্লাইটে রাজার সঙ্গে সহকারী পাইলট হিসেবে কাজ করেছেন তিনি।


গত বছরের এপ্রিলে ভুটান সফরেও রাজা ও রানি যৌথভাবে রাজকীয় উড়োজাহাজ পরিচালনা করেন। তারা পারো বিমানবন্দরে অবতরণ করেন, যেখানে অবতরণের পথ বেশ চ্যালেঞ্জিং বলে পরিচিত। এবার এক আসনের গ্রিপেনে প্রথম একক উড্ডয়নের মাধ্যমে রানির সামরিক ও বেসামরিক বিমান চালানোর অভিজ্ঞতায় যুক্ত হলো নতুন একটি অর্জন।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন