সারা বাংলা
পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২

পঞ্চগড়ে এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অনৈতিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং রাতে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার মো. রাসেল হক (২৬) ও একই ইউনিয়নের ছলিয়াপাড়া এলাকার মো. বাবু হোসেন (২৭)। এ ঘটনায় আবেশ (২৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা। গত ৫ অক্টোবর রাতে রাসেল হক ওই নারীকে হোয়াটসঅ্যাপে কল ও বার্তা দিয়ে জানান যে তাঁর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করা হয়েছে। ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সম্মানহানির হুমকি দেন তিনি। পরদিন বিকেলে রাসেল পুনরায় ফোন করে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে ভিডিও ফাঁসের হুমকি দেন।
বাদীর অভিযোগ, বাবু হোসেনের মোবাইল ফোন দিয়ে গোপনে ওই নারীর ভিডিও ধারণ করা হয় এবং পরে তা আবেশের কম্পিউটারে সংরক্ষণ করা হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাসেল হক ও বাবু হোসেনকে গ্রেপ্তার করে এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। পরে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ভুক্তভোগীর করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল