ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সারা বাংলা

সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সিলেট ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি সত্ত্বেও সময়মতো সিজারিয়ান অপারেশন না করে জোরপূর্বক স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) চেষ্টা চালানোর কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। শুক্রবার সিলেটের ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নবজাতকের পরিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউড়া গ্রামের বাসিন্দা। প্রসূতিকে দুদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বজনদের অভিযোগ, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট অনুযায়ী বাচ্চার ওজন সাড়ে তিন থেকে চার কেজি হওয়ায় তাঁরা শুরু থেকেই চিকিৎসকদের সিজার করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান যে মা ও শিশু উভয়েই সুস্থ আছেন এবং স্বাভাবিক প্রসব সম্ভব। সময় গড়িয়ে গেলেও সঠিক ব্যবস্থা না নিয়ে কালক্ষেপণ করা হয়।

 

তাঁরা আরও অভিযোগ করেন, প্রসূতির গর্ভ থেকে নবজাতকের মাথা বের হলেও কাঁধ আটকে যায়। এ পরিস্থিতিতে চিকিৎসকদের অপরিকল্পিত টানাটানির কারণে নবজাতকটির গলায়, পিঠে ও মাথায় মারাত্মক জখম হয় এবং শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়। পরবর্তীতে জটিলতা তীব্র আকার ধারণ করলে বিশেষজ্ঞ চিকিৎসককে খবর দেওয়া হয়, তবে ততক্ষণে নবজাতকের মৃত্যু হয়।

 

শিশুর মৃত্যুর কারণ জানতে চাইলে চিকিৎসকরা দুর্ব্যবহার করেন এবং নিরাপত্তার অজুহাতে ধাক্কা দিয়ে স্বজনদের হাসপাতাল কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম অবহেলা ও অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে ডেলিভারি করানোর অভিযোগ তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

 

এ বিষয়ে মাউন্ট এডোরা হাসপাতালের ম্যানেজার শফিক আহমদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ থাকলে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন। এমনকি তারা চাইলে আইনের আশ্রয়ও নিতে পারেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন