সারা বাংলা
কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে সিএনজি চালক সুমন

বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিল স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন। কিন্তু গন্তব্যে না নিয়ে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে ঘাতক সুমন। হত্যার পর তার আইফোন নিয়ে পালিয়ে যায় সে। অবশেষে চট্টগ্রাম থেকে অভিযুক্ত সিএনজিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আইফোনটিও।
শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সের বাসায় ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ১৫ বছর বয়সী জান্নাতুল। চালক সুমন মিয়া তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে ধর্ষণের পর জান্নাতুলকে পা দিয়ে চেপে ধরে শাশ্বরোধ করে হত্যা করে ঘাতক সুমন। পরে তার ব্যাগ থেকে আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে।শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বাখরাবাদ এলাকার একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে জান্নাতুলের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়।
ডিবিসি/এফএইচআর