ডিবিসি নিউজdbcnews.tv

আইন ও কানুন

কারাগারে বন্দী মায়েদের সন্তানদের চিকিৎসায় থাকছে ২৪ ঘণ্টা ডাক্তার

কারাগারে বন্দী মায়েদের সন্তানদের চিকিৎসায় থাকছে ২৪ ঘণ্টা ডাক্তার

আইন ও কানুন

কারাগারে বন্দী মায়েদের সন্তানদের চিকিৎসায় থাকছে ২৪ ঘণ্টা ডাক্তার

বাসস

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

দেশের কারাগারগুলোতে নারী বন্দীদের সঙ্গে থাকা শিশু সন্তানদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক চিকিৎসক নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। শিশুদের শারীরিক সুস্থতা ও জরুরি চিকিৎসা নিশ্চিতে পর্যায়ক্রমে দেশের ৭৫টি কারাগারে আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং সেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তার রাখার কার্যক্রম শুরু হয়েছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে প্রায় ৩ হাজার ৮০০ জন নারী বন্দী রয়েছেন। তাঁদের সঙ্গে কারা বিধান অনুযায়ী অবস্থান করছে ৩৫০ জন শিশু, যার মধ্যে ১৭৮ জন ছেলে ও ১৭২ জন মেয়ে।

 

বিদ্যমান নিয়ম অনুযায়ী ছয় বছর বয়স পর্যন্ত শিশুরা মায়ের সঙ্গে কারা অভ্যন্তরে থাকতে পারে। এই শিশুদের চিকিৎসা সুবিধা আরও উন্নত করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও ফার্মাসিস্ট নিয়োগের পাশাপাশি নার্সের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম জানান, নারী বন্দীদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। বন্দীদের সংশোধন ও পুনর্বাসনের ধারাবাহিক অংশ হিসেবে দেশের ৭৫টি কারাগারে ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং সেখানে সার্বক্ষণিক ২৪ ঘণ্টা চিকিৎসক নিয়োজিত রাখার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে।

 

বর্তমানে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, সিলেট, রাজশাহী ও খুলনাসহ মোট আটটি কারাগারে ডে-কেয়ার সেন্টার চালু রয়েছে। এসব কেন্দ্রে তিন বছরের বেশি বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, গান, নাচ ও চিত্রাঙ্কন শেখানো হয়।

 

ঢাকা কারা অধিদপ্তরের লজিস্টিক অ্যান্ড মিডিয়া বিভাগের জেলার মো. মাসুদ হাসান জুয়েল জানান, শিশুদের পুষ্টিকর খাবার ও নিয়মিত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব কারা কর্তৃপক্ষ বহন করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি হয় এবং অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হলে তাও নিশ্চিত করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে শিশুদের জন্য নতুন পোশাকের ব্যবস্থাও করা হয়ে থাকে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন