ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাতক্ষীরায় গ্রিল কেটে ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি

সাতক্ষীরায় গ্রিল কেটে ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি

সারা বাংলা

সাতক্ষীরায় গ্রিল কেটে ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

সাতক্ষীরা সদর উপজেলায় খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে একই পরিবারের চার সদস্যকে অচেতন করে বসতবাড়ির গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের শোকেস ভেঙে সাড়ে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে সদরের ব্রহ্মরাজপুর গ্রামের সাহাপাড়ায় সঞ্জয় সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী সঞ্জয় ওরফে লিটন সাহা জানান, তিনি শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি কুরিয়ার সার্ভিসের কর্মী। শুক্রবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বসতঘরের পেছনের জানালার এবং সামনের বারান্দার গ্রিল কাটা। ঘরের ভেতরের জিনিসপত্র তছনছ অবস্থায় মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

 

পরে দেখা যায়, ঘরের শোকেসের ড্রয়ার ভেঙে তিনটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, এক জোড়া বাঁধানো শাখা, এক জোড়া কানপাশা, দুটি আংটি, দুটি চেইনের লকেট, একটি মঙ্গলসূত্র এবং নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। সব মিলিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ক্ষতির পরিমাণ সাত লাখ টাকারও বেশি বলে জানিয়েছেন তিনি।

 

পরিবারের ধারণা, রাতে রান্নাঘরের বারান্দায় থাকা পানির ফিল্টারে কিংবা খাবারে চোর চক্রটি কৌশলে কোনো বিষাক্ত বা চেতনাউদ্বেগক দ্রব্য মিশিয়ে দিয়েছিল। সেই বিষাক্ত খাবার বা পানি খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে গভীর রাতে পেছনের গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। মালামাল লুট শেষে সামনের বারান্দার গ্রিল কেটে তারা নির্বিঘ্নে পালিয়ে যায়।

 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের অংশ হিসেবে সেখান থেকে ভাত ও পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন