ডিবিসি নিউজdbcnews.tv

কৃষি

আলুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ২২৭টি বিজনেস স্কুল

আলুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ২২৭টি বিজনেস স্কুল

কৃষি

আলুকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ২২৭টি বিজনেস স্কুল

বাসস

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

দেশের কৃষিপণ্যের বাজারব্যবস্থা আধুনিকায়ন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আলু উৎপাদনে প্রধান এলাকাগুলোতে গড়ে তোলা হয়েছে ২২৭টি ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’। চলতি বছর আলুকেন্দ্রিক এমন আরও ৩৩৫টি স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা ও স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট পণ্যগুলোর সুষ্ঠু বাজারজাতকরণ এবং সমস্যা চিহ্নিত করতেই নির্দিষ্ট ফসলভিত্তিক এসব স্কুল গড়ে তোলা হচ্ছে।

 

প্রকল্প কর্মকর্তারা জানান, কোনো নির্দিষ্ট অঞ্চলে যে কৃষিপণ্য বেশি উৎপাদিত হয়, সেটিকে কেন্দ্র করেই মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। দেশে এখন পর্যন্ত বিভিন্ন ফসলের ওপর মোট ৭৬৭টি এ ধরনের স্কুল স্থাপন করা হয়েছে, যার মধ্যে আলুকেন্দ্রিক স্কুলের সংখ্যাই সবচেয়ে বেশি ২২৭টি।

 

এ বিষয়ে পার্টনার-ড্যাম কর্মসূচির পরিচালক ড. মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক জানান, এই স্কুলগুলোর মূল উদ্দেশ্য হলো কৃষক, স্থানীয় ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকারী, কোল্ড স্টোরেজ মালিক, পরিবহন খাতের প্রতিনিধি এবং বাজারের অন্যান্য অংশীজনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর ফলে আলুর উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও বিক্রির পুরো সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) সমস্যা ও সম্ভাবনাগুলো সহজে চিহ্নিত করা এবং সমাধান দেওয়া সম্ভব হচ্ছে।

 

প্রকল্পের আওতায় আলুসহ আম, কাঁঠাল, টমেটো এবং সুগন্ধি চাল এই পাঁচটি কৃষিপণ্যের জন্য বিশেষ মূল্যশৃঙ্খল উন্নয়ন সংস্থা (ভ্যালু চেইন প্রোমোশনাল বডি) গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে, যার নীতিমালা ইতোমধ্যে মন্ত্রণালয় অনুমোদন করেছে।

 

উল্লেখ্য, পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ৬৪টি জেলার ২০৮টি উপজেলায় ২০ হাজার তরুণ কৃষি উদ্যোক্তা তৈরির কার্যক্রম চলছে। এর মধ্যে ৬০ শতাংশই নারী। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এসব উদ্যোক্তাকে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি ইনকিউবেশন সহায়তা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম ক্রয়ে ৭০ শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিজনেস স্কুলের মাধ্যমে বাজার ব্যবস্থার উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির এই প্রয়াস আলুসহ দেশের প্রধান কৃষিপণ্যগুলোর রপ্তানি সম্ভাবনায় নতুন মাত্রা যোগ করবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন