সারা বাংলা
অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, গভীর রাতে মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে এবং নারীদের শরীর থেকে সাড়ে পাঁচ ভরির বেশি (৫ ভরি ৮ আনা) স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এছাড়া নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, কম্পিউটার সামগ্রী (সিপিইউ ও মনিটর), সিসি ক্যামেরার মনিটর ডিভাইস ও ওয়াইফাই রাউটারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।