সারা বাংলা
লালমনিরহাটে ফজরের নামাজ শেষে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত

লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই একটি বেপরোয়া ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। সকালে তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা ফজিলা বেগম ও জহিলা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে ওই দুই নারী মহাসড়কের পাশে প্রাতঃভ্রমণে বের হন। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।