সারা বাংলা
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার সমেশপুর এলাকায় বালুর ঢিবি থেকে বালু চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাজ্জাক সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রাজ্জাক। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে স্থানীয়রা বেলকুচির সমেশপুর হাবিব স্মৃতিসৌধের পাশে বালুর নিচে মরদেহ চাপা দেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের বোন হোসনে আরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ভাই আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন। প্রাথমিকভাবে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ডিবিসি/আরএসএল