ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

দীর্ঘ দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

দীর্ঘ দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

সারা বাংলা

দীর্ঘ দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা রুটের ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ট্রেনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-বেনাপোল-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চালু হয়। তবে নানা কারণে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভারতীয় কর্তৃপক্ষ ভ্রমণ ভিসা বন্ধ করে দেয়ায় এবং বাংলাদেশও ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় যাত্রীর অভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। সম্প্রতি দুই দেশেই ভিসা দেয়ার প্রক্রিয়া আবার স্বাভাবিক হতে শুরু করায় ট্রেনটি চালুর বিষয়ে আলোচনা গতি পেয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশনা পেলেই রেল যোগাযোগ আবার শুরু হবে।

 

ট্রেনটি চালুর খবরে পাসপোর্ট যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যাত্রীরা বলছেন, ট্রেনটি চালু হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ভোগান্তি অনেক কমবে। সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের মতে, ভিসা প্রক্রিয়া সহজ ও ট্রেন চলাচল শুরু হলে দুই দেশের মধ্যে শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। 

 

এ বিষয়ে বেনাপোল রেল স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বন্ধন এক্সপ্রেস চালুর জন্য তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। যাত্রী সেবার জন্য ওয়েটিং রুমসহ পুরো স্টেশন এলাকা প্রস্তুত রাখা হয়েছে। ট্রেনটি দ্রুত চালু হলে যাত্রীদের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করছে সচেতন মহল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন