আন্তর্জাতিক, ধর্ম, ইসলাম
৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে। সে হিসাবে রমজান মাস আসতে আর মাত্র ১২১ দিন বাকি। আগামী ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের আর মাত্র চার চন্দ্র মাস বাকি থাকবে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ১২ অক্টোবর (সোমবার) ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুসারে, রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, যার ফলে ঈদুল ফিতর ৯ মার্চ (মঙ্গলবার) অথবা ১০ মার্চ (বুধবার) উদযাপিত হতে পারে।
আল জারওয়ান আরও উল্লেখ করেন, ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের অন্যতম বৈশিষ্ট্য হলো- কোনো বিশেষ সরঞ্জাম ছাড়াই কেবল চাঁদের পরিবর্তনের পর্যায়গুলো (যেমন: নতুন চাঁদ, পূর্ণিমা এবং চাঁদের মিলিয়ে যাওয়া) দেখে মানুষ মাস গণনা করতে পারে।
অন্যদিকে, শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব চাঁদ দেখার বিষয়ে কিছুটা ভিন্ন মূল্যায়ন দিয়েছে। তাদের মতে, রবিবার সূর্যাস্তের পর খালি চোখে বা সাধারণ টেলিস্কোপ দিয়ে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাবে না। তবে অত্যাধুনিক অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সাহায্যে সূর্যাস্তের আগেই চাঁদ শনাক্ত করা সম্ভব হতে পারে।
শারজাহ কেন্দ্রটি আরও জানিয়েছে, যেসব দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ওপর নির্ভর করে, তারা ১২ অক্টোবর (সোমবার) জমাদিউল আউয়াল মাস শুরু করবে। আর যেসব দেশ সূর্যাস্তের পর খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তারা ১৩ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন মাস শুরু করতে পারে। কেন্দ্রটি নিশ্চিত করেছে যে, শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে 'সেন্ট্রাল কনজাংশন' (কেন্দ্রীয় সংযোগ) ঘটবে এবং শারজাহর অবস্থান অনুযায়ী রাত ৮টা ৪৭ মিনিটে 'টোপোসেন্ট্রিক কনজাংশন' সম্পন্ন হবে।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/পিআরএএন