সারা বাংলা
কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক মোকাররম হোসেন খোকা ও তার ভাতিজা মো. রিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকা থেকে খোকাকে এবং নেত্রকোনা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট ১৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত ১৫ জুলাই রাত ৯টার দিকে মিঠামইন বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তদের হামলার শিকার হন জাহেদুল আলম জাহাঙ্গীর। এ সময় তাকে এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকে কুপিয়ে জখম করা হয়। পরে রাত ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ১৮ জুলাই নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর মোকাররম হোসেন খোকাকে ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয় এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তবে গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে খোকা দাবি করেন, একটি চক্র তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডে তার নাম জড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হলেও হত্যার নেপথ্যের কারণ এবং কার কী ভূমিকা ছিল তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডিবিসি/পিআরএএন