সারা বাংলা
হাতির অভয়ারণ্য ও পর্যটন উন্নত করলে অবৈধ বন দখল বন্ধ হবে: বনমন্ত্রী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য তৈরি ও পর্যটনের উন্নয়ন করা গেলে হাতি-মানুষের সংঘাতের পাশাপাশি অবৈধ বন দখল বন্ধ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে হাতি চলাচলের ছয়টি করিডোর তৈরির বিষয়ে ভারতের সাথে চুক্তির (এমওইউ) আওতায় একটি সভার প্রস্তাব দেয়া হয়েছে, যা আগামী তিন-চার মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে অত্যন্ত সচেতন। তার নির্দেশনাতেই শেরপুরের গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য তৈরির বিষয়ে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং পু্লিশ সুপার একেএম জহিরুল ইসলাম। মতবিনিময় শেষে মন্ত্রী হাতির আক্রমণে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ১৬ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন এবং ৩২টি ইআরটি দলের মাঝে হাতি তাড়ানোর সরঞ্জাম বিতরণ করেন।
এর আগে মন্ত্রী গারো পাহাড়ে হাতি চলাচলের বিভিন্ন করিডোর পরিদর্শন করেন এবং ঝিনাইগাতী উপজেলায় পৃথক একটি মতবিনিময় সভায় অংশ নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।
ডিবিসি/আরএসএল