সারা বাংলা, অপরাধ
স্কুলছাত্রী তাজমিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অটোরিকশাচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ৩টায় সুমনকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। সেখানে বিচারক মমিনুল হকের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। পরে রাত ৭টা ২০ মিনিটে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, গত বুধবার রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় তাজমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের অটোরিকশায় তোলেন সুমন। এরপর তাকে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। হত্যার পর তাজমিনের মোবাইল ফোন নিয়ে সুমন চট্টগ্রামে পালিয়ে যান। পরে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে ওই মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি যশোরে হলেও পরিবারের সঙ্গে সে নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত।
ডিবিসি/পিআরএএন