আন্তর্জাতিক, ইউরোপ
‘ওরা আমার সন্তানও হতে পারত’: শিক্ষার্থীদের রক্ষায় পুলিশের সামনে ফ্রান্সের মেয়র

ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা নিয়ে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের রক্ষায় পুলিশের সামনে দাঁড়িয়েছেন এক মেয়র। প্যারিসের উত্তরের শহরতলি সাঁ-দেনির মেয়র বালি বাগায়োকোর এই ভূমিকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তরুণ বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘটনায় তিনি আলোচনায় এসেছেন।
গত ৬ অক্টোবর, মঙ্গলবারের বিক্ষোভের ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের দিকে এগিয়ে গেলে মাঝখানে দাঁড়িয়ে তাদের বারবার থামতে বলেন বাগায়োকো। বিদ্যালয়ের পরিবেশ নিয়ে চলমান আন্দোলনের মধ্যে তাঁর এই হস্তক্ষেপ নতুন করে নজর কেড়েছে।
পরে মেয়র জানান, শিক্ষার্থীরা পুলিশের প্রতি আক্রমণাত্মক আচরণ না করলেও তাদের ওপর চড়াও হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মকর্তারা বলে তার মনে হয়েছিল। এ কারণেই তিনি এগিয়ে যান। তার ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত তাকেসহ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বাগায়োকো বলেন, রাস্তায় নামা এই শিক্ষার্থীরা তার সন্তানও হতে পারত। তাদের পাশে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।
শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, অপরিচ্ছন্নতা, পুরোনো ভবন ও শিক্ষকসংকটের প্রতিবাদে এই আন্দোলন চলছে। শিক্ষার্থীরা শিক্ষার সুযোগে বৈষম্য এবং শিক্ষক অনুপস্থিতির কারণে পাঠদানে সমস্যার কথাও তুলে ধরেছে।
সেপ্টেম্বরের শেষ দিকে প্যারিসের শহরতলি থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশের অন্য এলাকায় ছড়ায়। কোথাও কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও কোথাও সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। পুলিশের ভূমিকার সমালোচনা করেছে অধিকার সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো।
বামপন্থী দল ফ্রান্স আনবাউডের সদস্য বাগায়োকো শিক্ষার্থীদের অভিযোগের রাজনৈতিক সমাধান চেয়েছেন। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, দাবি পর্যালোচনা করে অক্টোবরের শেষ নাগাদ প্রস্তাব দেবে সরকার।
ডিবিসি/এসএফএল