ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

আজও থমথমে ভারতের রাজধানী দিল্লি, কড়া নিরাপত্তায় অবরুদ্ধ যন্তর মন্তর

আজও থমথমে ভারতের রাজধানী দিল্লি, কড়া নিরাপত্তায় অবরুদ্ধ যন্তর মন্তর

আন্তর্জাতিক, ভারত

আজও থমথমে ভারতের রাজধানী দিল্লি, কড়া নিরাপত্তায় অবরুদ্ধ যন্তর মন্তর

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

শনিবারের চরম উত্তেজনার পর রবিবার সকাল থেকেই নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারতের রাজধানী দিল্লি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দিল্লি পুলিশ পুরো যন্তর মন্তর এলাকা ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ সিল করে রেখেছে। সংবেদনশীল পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী (আইটিবিপি)।

শনিবারের ব্যাপক ধরপাকড়ের পরও নিজেদের অবস্থান থেকে পিছু হটেনি আন্দোলনকারীরা। সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) আজ রবিবার সকাল ১০টা থেকে ফের যন্তর মন্তর অভিমুখে নতুন কর্মসূচির ডাক দিয়েছে।

 

এর আগে শনিবার বিমানবন্দর থেকে আটক সিজেপি প্রধান অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে রবিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। এছাড়া শনিবার রাতে আটক প্রায় পাঁচ হাজার আন্দোলনকারীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরলের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

 

এদিকে শনিবার দিল্লি জুড়ে গণ-আটক, চলাচলে নিষেধাজ্ঞা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী। রবিবারই শীর্ষ আদালতে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেকোনো নতুন উত্তেজনা প্রতিহত করতে দিল্লির অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও জারি রয়েছে পুলিশের কঠোর নজরদারি।

আরও পড়ুন