ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল দর্শনার্থীর

ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল দর্শনার্থীর

আন্তর্জাতিক

ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল দর্শনার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের একটি ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচার ভেতরে প্রবেশের পর বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাউথ ইয়র্কশায়ার পুলিশ জানায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে ডনকাস্টার শহরের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের বাঘের খাঁচায় এক ব্যক্তি ঢুকে পড়ার খবর পেয়ে জরুরি সেবাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই ব্যক্তি কীভাবে খাঁচার ভেতরে প্রবেশ করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

 

পুলিশ নিশ্চিত করেছে, বাঘটি খাঁচার ভেতরেই ছিল, ফলে সাধারণ মানুষের জন্য বড় কোনো ঝুঁকি তৈরি হয়নি। ঘটনার পর পার্কটি খালি করে দেওয়া হয় এবং শনিবার রাত পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং পুলিশ তাদের সহায়তা দিচ্ছে।

 

এদিকে হামলার ঠিক আগ মুহূর্তে ওই ব্যক্তি খাঁচার ভেতর থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে অবগত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে সাধারণ মানুষকে এই সংবেদনশীল ভিডিওটি শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

 

ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ জানায়, বাঘের খাঁচায় একটি গুরুতর ঘটনার কারণে পার্কটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রবিবার পর্যন্ত তা বন্ধ থাকবে। ঠিক কী ঘটেছিল তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে পার্ক প্রশাসন।

 

২০০৯ সালে চালু হওয়া ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বিলুপ্তপ্রায় আমুর বাঘের (সাইবেরিয়ান বাঘ) জন্য ২০১১ সালে তৈরি করা হয় ২ একরের বিশেষ সংরক্ষিত এলাকা ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’। সেখানে ৩০০ মিটার দীর্ঘ একটি উঁচু হাঁটার পথ রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা বাঘের বিচরণ প্রত্যক্ষ করতে পারেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন