ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বান্দরবান সীমান্তে ছয় কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক আটক

বান্দরবান সীমান্তে ছয় কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক আটক

সারা বাংলা

বান্দরবান সীমান্তে ছয় কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার রাতে ও রবিবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী ও জামালের ঘের নামক সীমান্ত এলাকায় পৃথক এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

 

আটক ব্যক্তিরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৮১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ইসলাম (২৫) এবং একই ক্যাম্পের বি-৭৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জলিলের ছেলে মোহাম্মদ মোজিবুল্লাহ (২৩)।

 

লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, শনিবার রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের নামক সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে ছোট একটি পোঁটলা হাতে নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এতে লোকগুলো বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে বিজিবির সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

 

তিনি জানান,  লোকগুলোর সাথে থাকা পোঁটলাটি খুলে পাওয়া যায় ১০ হাজার ইয়াবা, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

 

এদিকে সোমবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক।

 

লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বাইশফাঁড়ী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৩-৪ জন দৌড়ে পালিয়ে গেলেও সাথে থাকা ছোট একটি বস্তা ফেলে যায়।

 

তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ৯০ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৫ কোটি ৭০ লাখ টাকা।

 

পৃথক অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন