সারা বাংলা
কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে পিছু হটল বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান ও স্থানীয়দের সহযোগিতায় সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফ ওই চারজনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
রবিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ তৎপরতা চোখে পড়ে। এ সময় ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় দুই পুরুষ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি আঁচ করতে পেরে বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মুখে সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও দৌলতপুর সীমান্ত দিয়ে কয়েক দফায় অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ, যা প্রতিবারই বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়।