ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

সারা বাংলা

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুটি সংগঠনের ডাকে আজ রবিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা এই অবরোধের কারণে রুইলুই পর্যটনকেন্দ্রে যাওয়ার প্রধান সড়কটিতে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সকাল থেকেই সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি যান চলাচলে বাধা দিচ্ছেন অবরোধকারীরা।

হঠাৎ শুরু হওয়া এই অবরোধের কারণে সাজেকে ভ্রমণে আসা পর্যটকেরা চরম বিপাকে পড়েছেন। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির তথ্যমতে, বর্তমানে সেখানে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়ে আছেন। সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে রওনা দেওয়া পর্যটকদের গাড়িগুলো বাঘাইহাটের পর আর এগোতে পারেনি। একইভাবে সাজেক থেকেও কোনো গাড়ি ফিরতে পারেনি। তবে সাজেক থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় বেলা দুইটার দিকে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক থেকে বের হওয়ার এবং বাঘাইহাট থেকে সাজেকে প্রবেশের ব্যবস্থা করা হবে।

 

অবরোধকারী সংগঠন দুটির অভিযোগ, আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা) সাজেকে সশস্ত্র তৎপরতা শুরু করেছে এবং স্থানীয় জনসাধারণকে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার সমাবেশ করে ব্যবস্থা নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা এই অবরোধের ডাক দিয়েছে। অন্যদিকে জেএসএস এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেছে, ইউপিডিএফের চাপেই সংগঠন দুটি এই কর্মসূচি দিয়েছে। তবে ইউপিডিএফ এ অভিযোগ নাকচ করে সাধারণ জনগণের ডাকা এই অবরোধ কর্মসূচির প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন