আন্তর্জাতিক
নেপালে ফের আকস্মিক বন্যায় ভাঙল ব্রিজ, জরুরি সতর্কতা জারি

নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নদী তীরবর্তী বেশ কিছু ঘরবাড়ি ও অবকাঠামো ভেসে গেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ভূত পরিস্থিতিতে রবিবার স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপালি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমরুব্রি গ্রামে ভূমিধসের কারণে বুড়ি গণ্ডকী নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এর ফলেই ভাটি অঞ্চলে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়।
গোর্খা জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, নদীর ভাটি অঞ্চলে বসবাসরত গ্রামবাসীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তিনি আরও জানান, বন্যায় প্রায় এক ডজন ঘরবাড়ি এবং দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। পাশাপাশি একটি জলবিদ্যুৎ প্রকল্পের ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধরম রাজ উপ্রেতি জানিয়েছেন, কাদামাটিযুক্ত ঢলের পানি দ্রুত বাড়ছে এবং এতে গোর্খার সঙ্গে পার্শ্ববর্তী ধাদিং জেলার সংযোগকারী একটি মহাসড়ক সেতুও ভেসে গেছে।
বুড়ি গণ্ডকী হলো ত্রিশূলী নদীর একটি উপনদী। যা অন্য একটি উপনদীর ভাটিতে অবস্থিত। এই ত্রিশূলী নদীতেই গত আগস্টে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১,৪৫৭ জনের মৃত্যু হয়েছিল এবং এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন