সারা বাংলা
নারায়ণগঞ্জে পৃথক বিস্ফোরণ ও আগুনে দম্পতিসহ দগ্ধ ৬

নারায়ণগঞ্জের কাঁচপুর ও ফতুল্লায় পৃথক দুটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দম্পতিসহ অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে ঘটা এসব ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক।
শনিবার রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোজিনা (৩০) ও তাঁর স্বামী শরিফ (৩৪) এবং রিয়াজ (২২) ও রনি (১৯) নামের আরও দুজন দগ্ধ হন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রনির শরীরের ৭০ শতাংশ এবং রোজিনার ৬০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শরিফ ও রিয়াজ উভয়েরই শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
অন্যদিকে, একই রাতে ফতুল্লায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আনোয়ার (৪০) ও শামসুল (৩০) নামের দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনে আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং শামসুলের ৫৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবার অবস্থাই বেশ গুরুতর।
ডিবিসি/পিআরএএন