সারা বাংলা
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় বাড়িতে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ ও আরাফাত নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা কাওয়ালীকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু দুটি। এ সময় অসাবধানতাবশত এক শিশু বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তা দেখে অপর শিশুটি বিপদ থেকে তার ভাইকে বাঁচাতে গেলে সে-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঘটনার সময় তাদের বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। তারা হঠাৎ দুই শিশুর চিৎকার শুনে দ্রুত ছুটে গিয়ে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন