আন্তর্জাতিক, ইউরোপ
জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ১০৯

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। রবিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
আইওএমের বিবৃতি অনুযায়ী, গত ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করা নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, জিবুতির ওবক শহরের উত্তরে নৌকাটি উল্টে যায়।
নিহতদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫টি শিশু রয়েছে। শিশুদের মধ্যে ৯ জন মেয়ে ও ৬ জন ছেলে। এ ঘটনায় ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেছেন। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক।
দুর্ঘটনার পর আইওএমের কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোয়েসাক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এ মর্মান্তিক ঘটনায় যারা স্বজন হারিয়েছেন এবং যাদের পরিবারের সদস্যদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তাদের প্রতি সংস্থাটির সমবেদনা রয়েছে।
আইওএম জানিয়েছে, অর্থনৈতিক সুযোগের সন্ধানে বাব আল-মানদেব প্রণালি পেরিয়ে ইয়েমেন এবং পরে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন অনেক অভিবাসী। দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় বাধ্য করছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়লেও এই পথে অভিবাসনের চেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: ফ্রান্স ২৪
ডিবিসি/এসএফএল