ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, অন্যান্য খেলা

৪১ বছর বয়সে ম্যারাথন জিতে রেকর্ড গড়লেন কেনিয়ান দৌড়বিদ এলিউড কিপচোগে

৪১ বছর বয়সে ম্যারাথন জিতে রেকর্ড গড়লেন কেনিয়ান দৌড়বিদ এলিউড কিপচোগে

খেলাধুলা, অন্যান্য খেলা

৪১ বছর বয়সে ম্যারাথন জিতে রেকর্ড গড়লেন কেনিয়ান দৌড়বিদ এলিউড কিপচোগে

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

৪১ বছর বয়সে এসেও নিজের সেরা ছন্দ ধরে রেখে মেলবোর্ন ম্যারাথনে নতুন রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী কেনিয়ান দৌড়বিদ এলিউড কিপচোগে। ফিনিশিং লাইন স্পর্শ করতে তিনি সময় নেন ২ ঘণ্টা ৯ মিনিট ১০ সেকেন্ড। এর মধ্য দিয়ে দূরপাল্লার ক্যারিয়ারে ১৭তম শিরোপা জিতলেন তিনি, যা ২০২৩ সালের বার্লিন ম্যারাথনের পর তার প্রথম জয়।

অসাধারণ এই সাফল্যের পর নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে কিপচোগে বলেন, ‘আমার বিশ্বাস শরীর এখনও সেরা ফর্মে আছে- নতুন প্রজন্মের সাথে লড়াই করার সামর্থ্য এখনও ফুরিয়ে যায়নি।’ তরুণদের সাথে পাল্লা দেয়ার অনুভূতি প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘বয়োজ্যেষ্ঠ অ্যাথলেট এখনও লড়ে যাচ্ছে, তবে জেন জি-দের সাথে দৌড়াতে পেরে আমি সত্যিই আনন্দিত।’


মেলবোর্নের অ্যালবার্ট পার্কের ফর্মুলা ওয়ান ট্র্যাকের কিছু অংশ ছুঁয়ে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এসে শেষ হয় এবারের দৌড়। মাঠে ঢুকে দর্শকদের উল্লাসের জবাবে গতি কিছুটা কমিয়ে হাত নাড়েন এই কেনিয়ান তারকা। রোমাঞ্চকর সেই মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘পথের অভিজ্ঞতা দারুণ ছিল। মানুষকে দাঁড়িয়ে থাকতে, উল্লাস করতে ও আমার নাম ধরে চিৎকার করতে দেখে খুব ভালো লেগেছে।’ ভেন্যুর বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এটি সত্যিই এক ভিন্ন অভিজ্ঞতা—এমন একটি সুন্দর ট্র্যাকে দৌড়ানো, ফর্মুলা ওয়ান ট্র্যাকে ছোটা এবং সর্বোপরি একটি ক্রিকেট মাঠে এসে শেষ করা। নতুন প্রজন্মের সাথে দৌড়ে মেলবোর্নের রানিং কমিউনিটিকে অনুপ্রাণিত করতে পেরে আমি গর্বিত।’


এই প্রতিযোগিতায় ২ ঘণ্টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন অস্ট্রেলিয়ার থমাস দো কান্তো এবং তৃতীয় স্থান পান তারই স্বদেশি রিস এডওয়ার্ডস। অন্যদিকে নারী বিভাগে ২ ঘণ্টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড টাইমিং নিয়ে প্রথম হন নিউজিল্যান্ডের ক্যামিল ফ্রেঞ্চ। তার পেছনে থেকে দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে অস্ট্রেলিয়ার সিনেড ডাইভার এবং আয়ারল্যান্ডের নিকোলা শেরিডান।


দুই বছরের মধ্যে অ্যান্টার্কটিকাসহ সাতটি মহাদেশেই ম্যারাথন শেষ করার লক্ষ্য নিয়ে বিশ্বভ্রমণে বের হয়েছেন কিপচোগে। মেলবোর্ন ম্যারাথন ছিল তার সেই সফরের তৃতীয় ধাপ। প্রতিটি দৌড়ের মাধ্যমে তিনি শিক্ষা, টেকসই পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কাজ করা তার নিজস্ব দাতব্য সংস্থা ‘এলিউড কিপচোগে ফাউন্ডেশন’-এর জন্য তহবিল সংগ্রহ করছেন।


ইতিহাসের অন্যতম সেরা দূরপাল্লার এই অ্যাথলেটের ঝুলিতে রয়েছে অলিম্পিক ম্যারাথনের দুটি সোনা ছাড়াও ৫০০০ মিটারে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ। এর বাইরে একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা, ১২টি ওয়ার্ল্ড ম্যারাথন মেজর জয় এবং দুটি অফিশিয়াল বিশ্বরেকর্ডের মালিক তিনি। এর আগে ২০১৯ সালে ভিয়েনায় বিশেষ ব্যবস্থাপনায় মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে মানব ইতিহাসে প্রথমবার ম্যারাথনে দুই ঘণ্টার বাধা ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কিপচোগে।


সূত্র: বিবিসি


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন