আন্তর্জাতিক, অন্যান্য
দ্য ল্যানসেট বিশেষজ্ঞ কমিশন
২১০০ সালের মধ্যে পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারে বিলুপ্ত হতে পারে মানবজাতি

পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারে ২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক বৈশ্বিক মূল্যায়নে এমন আশঙ্কার কথা জানিয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট-এর একটি বিশেষজ্ঞ কমিশন।
প্রতিবেদনে আগামী ৭৫ বছরে মানবস্বাস্থ্যের জন্য ১৭টি বড় হুমকি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক সংঘাত, এআইয়ের অপব্যবহার, জলবায়ু সংকট, বায়ুদূষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধক্ষমতা, শিশুদের অপুষ্টি, প্রচলিত যুদ্ধ এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া।
বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক সংঘাতে বায়ুমণ্ডলের ওপরের স্তরে বিপুল পরিমাণ কণা ছড়িয়ে সূর্যের আলো বাধাগ্রস্ত হতে পারে। এতে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, এআই ব্যবহার করে জৈব অস্ত্র তৈরির ঘটনাও মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এসব ঝুঁকির সম্ভাবনা কম হলেও পরিণতি হতে পারে ভয়াবহ।
কমিশনের সহসভাপতি ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক ক্রিস্টোফার মারে বলেন, বর্তমান নেতাদের সিদ্ধান্ত পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য ও কল্যাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পরিবর্তে ১ দশমিক ৮ ডিগ্রির কাছাকাছি সীমিত রাখা গেলে ১৮৯ কোটি বছর সমপরিমাণ সুস্থ জীবন হারানো ঠেকানো সম্ভব হতে পারে।
৩৫ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত কমিশনটি ঝুঁকিগুলো মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, প্রযুক্তিগত উদ্ভাবনে বিনিয়োগ এবং আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিবছর নতুন তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন হালনাগাদ করা হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল