ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ, জাতীয়

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যথাযথভাবে দেশ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

১১ অক্টোবর, ২০২৬: বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

 

সভায় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেবে। তবে মনে রাখতে হবে, এই অর্থ জনগণের। তাই প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে।

সরকারি দায়িত্বকে জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ সবার ভাগ্যে আসে না। যারা যে দায়িত্বে রয়েছেন, তাদের সেই সুযোগ সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগাতে হবে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য তিনি কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত ও পরামর্শ তুলে ধরার আহ্বান জানান।

 

ভবিষ্যতে মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আবারও বৈঠক হবে জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন।

 

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন