আন্তর্জাতিক, ভারত
মাঝআকাশে বিমানে যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন, ব্যাগ দিয়ে চেপে নেভানোর চেষ্টা

দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে পাওয়ার ব্যাংকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) মাথার ওপরের লাগেজ রাখার বক্সে (ওভারহেড কম্পার্টমেন্ট) রাখা একটি পাওয়ার ব্যাংকে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানটিকে দ্রুত হায়দরাবাদে জরুরি অবতরণ করানো হয়।
এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, লাগেজ রাখার বাক্সের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও কমলা রঙের আভা ছড়িয়ে পড়ছে। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা আগুন নেভাতে মরিয়া হয়ে ওঠেন। কয়েকজন যাত্রী নিজেদের হাতব্যাগ দিয়ে চেপে ধরে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। পরবর্তীতে বিমানের কেবিন ক্রুরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর কোনো ঝুঁকি না নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটির গতিপথ পরিবর্তন করে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিমানটি নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি এবং সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে। ত্রুটিপূর্ণ একটি পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাণিজ্যিক ফ্লাইটে লিথিয়াম-আয়ন ব্যাটারি বহন নিয়ে এই ঘটনা আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাওয়ার ব্যাংকে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি নষ্ট, ত্রুটিপূর্ণ বা ভেতরে শর্ট-সার্কিট হলে তা অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়তে পারে। বিরল ক্ষেত্রে এটি ‘থার্মাল রানওয়ে’ নামের এক মারাত্মক পরিস্থিতির জন্ম দেয়, যেখানে ব্যাটারি খুব দ্রুত তাপ তৈরি করে এবং ধোঁয়া, আগুন কিংবা দাহ্য গ্যাস নির্গমন করে। উড়োজাহাজের মতো সংকুচিত জায়গায় এ ধরনের আগুন অত্যন্ত বিপজ্জনক রূপ নিতে পারে।
এভিয়েশন নিরাপত্তা নিয়মে সাধারণত পাওয়ার ব্যাংক বুকিং লাগেজে না দিয়ে কেবিন ব্যাগেজে বহন করার নির্দেশ দেয়া হয়, যাতে কোনো সমস্যা হলে ক্রুরা দ্রুত পদক্ষেপ নিতে পারেন। কোনো ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হয়ে উঠলে, ধোঁয়া ছাড়লে কিংবা আগুন ধরলে যাত্রীদের তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুদের জানানোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এর আগেও ২০২৫ সালে হংকং এয়ারলাইনস ও ভার্জিন অস্ট্রেলিয়ার দুটি ফ্লাইটে একইভাবে মাঝআকাশে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/ এসভিএন