আন্তর্জাতিক
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল তুরস্ক

নতুন এক নীতিমালার আওতায় তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দেশটির অফিশিয়াল গেজেটে প্রকাশিত সাইবার নিরাপত্তা অধিদপ্তরের নতুন এই নীতিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে এই নির্দেশ দেয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলো ‘১৫ বছর পূর্ণ হয়নি এমন শিশুদের কোনো ধরনের সেবা দিতে পারবে না।’ তবে ১৫ বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য আলাদা সেবা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে শিশুদের সর্বোচ্চ স্বার্থ এবং তাদের শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক, সামাজিক ও আবেগীয় বিকাশের দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে।
ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলা হয়েছে। তাই বিস্তারিত পরিচয় জানার বদলে ব্যবহারকারীর বয়স নির্দিষ্ট সীমার ওপরে আছে কি না, কেবল সেটি যাচাই করার পদ্ধতি ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, প্ল্যাটফর্মগুলোর বয়স যাচাই পদ্ধতি, অ্যালগরিদম কাঠামো এবং শিশুকেন্দ্রিক সেবার নীতিমালা ‘ব্যবহারকারী, অভিভাবক ও অধিদপ্তরের জন্য স্পষ্ট, নিরীক্ষণযোগ্য এবং পরীক্ষাযোগ্য’ হতে হবে। এছাড়া ব্যবহারবান্ধব ও স্পষ্ট প্যারেন্টাল কন্ট্রোল বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেয়া হয়েছে। গত এপ্রিলে তুরস্কের পার্লামেন্টে পাস হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত নতুন আইনের অধীনেই এই নীতিমালা প্রণয়ন করা হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/ এসভিএন