আন্তর্জাতিক
পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, আটক ১

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পোলিশ প্রধানমন্ত্রী নিজেই এই তথ্য জানিয়েছেন। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এই দুই শীর্ষ নেতাকে হত্যার সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে পুলিশের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।
হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর রবিবার (১১ অক্টোবর) পোল্যান্ডের নিরাপত্তা সংস্থাগুলো এক বিশেষ বৈঠকে বসে। এ বিষয়ে নিরাপত্তা সংস্থার একজন মুখপাত্র জানান, তারা এই হুমকিকে ‘মারাত্মক গুরুতর’ হিসেবে দেখছেন। এদিকে সন্দেহভাজনকে গ্রেপ্তারে পুলিশের ‘দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী টাস্ক।
স্পেশাল সার্ভিসেস কো-অর্ডিনেটরের মুখপাত্র জ্যাসেক দোব্রজিনস্কি স্থানীয় গণমাধ্যমকে জানান, আটককৃত ওই ব্যক্তি পোল্যান্ডের নাগরিক এবং তাকে লোয়ার সাইলেশিয়া অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই হুমকির বিষয়ে তিনি বলেন, ‘এই ক্ষেত্রে আমরা দৃঢ়ভাবে আশঙ্কা করছি যে, এসব হুমকি বাস্তবে রূপ নেয়ার একটি বড় সম্ভাবনা ছিল।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারোলিনা গালেকা জানান, মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা স্টেট প্রটেকশন সার্ভিস সম্ভাব্য এই হামলার তথ্য সংবলিত একটি ইমেইল পুলিশের কাছে ফরোয়ার্ড করলে পুরো বিষয়টি সামনে আসে।
উল্লেখ্য, ডোনাল্ড টাস্ক ২০২৩ সাল থেকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সূত্র: বিবিসি
ডিবিসি/ এসভিএন