আন্তর্জাতিক
তুরস্কে বাস-ট্রাক ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ১১, আহত ২৭

তুরস্কের মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও কাঠবোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার পরপর ইজমির শহরের কাছে গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে বাস ও ট্রাকের চালক দুজনকেই আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মানিসার গভর্নর ওয়াহদেত্তিন ওজকান জানিয়েছেন, বাসটিতে ৩৪ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন, আর ট্রাকে ছিলেন কেবল চালক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ২৭ জন আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাসচালককে পুলিশ হেফাজতে নেয়া হয়। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রাকটি সম্ভবত রাস্তার ভুল দিক দিয়ে আসছিল।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফৎচি এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, এই দুর্ঘটনায় হতাহতরা দেশের নাগরিক। তবে তাদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি), পুলিশ, সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস এবং ১১২ স্বাস্থ্য দলগুলোকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। আমরা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সাথে মিলে পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’
ঘটনাস্থল পরিদর্শনের পর গভর্নর ওজকান জানান, স্থানীয় সরকারি কৌঁসুলির কার্যালয় এই ঘটনার তদন্ত করছে। তিনি বলেন, ‘পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে বর্তমানে কাজ চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলা কতটা জরুরি, তা আমরা এক বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছি।’
উল্লেখ্য, তুরস্কে চলতি বছর বেশ কয়েকটি মারাত্মক বাস দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে গত আগস্টে একটি মিনিবাস খাদে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনাও রয়েছে।
সূত্র: পিপল
ডিবিসি/এসভিএন