আন্তর্জাতিক, ভারত
সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দিল্লির ৬ মেট্রো স্টেশন বন্ধ!

দিল্লি মেট্রো এবং রেল পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের ঠিক পরের দিনই, সোমবার (১২ অক্টোবর) ‘নিরাপত্তাজনিত কারণে’ ৬টি মেট্রো স্টেশন সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)।
তবে প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউজ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাখাম্বা রোড- এই স্টেশনগুলোতে ইন্টারচেঞ্জ বা ট্রেন পরিবর্তনের সুবিধা চালু থাকবে বলে জানানো হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আপডেট জানাবে।
রবিবার সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চ রাজধানীতে চলমান বিক্ষোভের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছিল। বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ নির্দেশ দেয় যে, মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিকভাবে চলতে হবে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং মানুষের অবাধ চলাচলের সুযোগ দিতে হবে। আদালত আরও স্পষ্ট করে যে, ‘আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি’ ছাড়া শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আটক করা যাবে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শনিবারের বিক্ষোভের আগে ব্যাপক আটক, চলাচলে বিধিনিষেধ এবং ইন্টারনেট বন্ধের অভিযোগ এনে দায়ের করা পিটিশনের জরুরি শুনানির পর এই নির্দেশ দেয়া হয়।
এর আগে গত শনিবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর রাজধানীজুড়ে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ করার নির্দেশ দিয়েছিল ডিএমআরসি। মূলত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া বিক্ষোভের কারণে প্রথমে ৫৭টি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত সেসময় স্পষ্ট জানিয়েছিল যে, নিরাপত্তার নামে গণপরিবহন পুরোপুরি বন্ধ রেখে লাখ লাখ সাধারণ নাগরিককে ভোগান্তিতে ফেলা যাবে না। তাই শনিবারের বিক্ষোভের আগেই মেট্রো ও রেল পরিষেবার ওপর থেকে ঢালাও বিধিনিষেধ তুলে নেয়ার নির্দেশ দিয়েছিল আদালত।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এসভিএন