ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহের সময় ১২ সাংবাদিক আটক

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহের সময় ১২ সাংবাদিক আটক

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহের সময় ১২ সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লিতে চলমান বিক্ষোভ কভার করার সময় অন্তত ১২ জন সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ। রবিবার বিক্ষোভের দ্বিতীয় দিনে আটক হওয়া এসব সাংবাদিকদের মধ্যে ‘হিন্দুস্তান’, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এবং ‘দ্য হিন্দু’র মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের কর্মীরাও রয়েছেন।

‘হিন্দুস্তান’ পত্রিকার ২৭ বছর বয়সী রিপোর্টার আশিস সিং জানান, দুপুর আড়াইটার দিকে আরকে আশ্রম মার্গে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)-এর ডাকা বিক্ষোভ কভার করার সময় তাকে আটক করা হয়। গলায় প্রেস আইডি কার্ড থাকা সত্ত্বেও তাকে ধাক্কা দেওয়া হয় এবং তিনি আহত হন। তিনি বলেন, ‘আমি আমার ক্যামেরায় আটকের দৃশ্য ধারণ করছিলাম, তখন বুঝতে পারি পুলিশ আমাকে ধাক্কা দিচ্ছে। তারা আমাকে ধারালো কিছুর সাহায্যে আঘাতও করেছে, যা সম্ভবত নাকল জাতীয় কিছু ছিল। আমি ঘুরে দাঁড়িয়ে তাদের একবার নয়, অনেকবার বলেছি যে আমি একজন হিন্দুস্তান টাইমসের রিপোর্টার। আমি আমার আইডি কার্ডও দেখিয়েছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি।’ তিনি আরও বলেন, ‘আমি বিক্ষোভকারীদের থেকে দূরে ছিলাম এবং পুলিশের কাজে কোনো বাধাও দিচ্ছিলাম না, তবুও তারা আমার সাথে দুর্ব্যবহার করেছে।’ পুলিশের হাতে ফোন এবং অন্যান্য তথ্য মুছে ফেলার ভয়ে বাসে ওঠার ২০-৩০ মিনিট পর মন্দির মার্গ এলাকায় তিনি এবং আরেকজন সাংবাদিক বাস থেকে লাফ দিয়ে নেমে পড়েন।


নাম প্রকাশে অনিচ্ছুক একটি জাতীয় সংবাদ সংস্থার এক ফটোসাংবাদিক জানান, আটকের ছবি তোলার সময় তাকে বাসে তুলে নেওয়া হয়। পুলিশ সেসময় পথচারীদের সরিয়ে দিচ্ছিল এবং সাংবাদিকদের আটক করছিল। তিনি বলেন, ‘তারা হঠাৎ চিৎকার করে বলে, তাকে ভেতরে নিয়ে যাও এবং আমাকেও ধাক্কা দেয়। আমাকে মেমোরি কার্ডটি লুকিয়ে রাখতে হয়েছিল, কারণ আমার ভয় হচ্ছিল যে তারা আমার জিনিসপত্র কেড়ে নিয়ে সব ছবি ও ভিডিও মুছে ফেলবে।’


এছাড়া ‘ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দি’র তিন রিপোর্টার- শাশ্বত, সিয়া এবং বিজয়কে কনট প্লেস থেকে আটক করে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় এবং প্রায় ৪৫ মিনিট পর ১২ কিলোমিটার দূরে ছেড়ে দেওয়া হয়। ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের কয়েকজন ক্যামেরাম্যানকেও আটক করা হয়েছিল। অন্যদিকে, ‘দ্য হিন্দু’র এক নারী সাংবাদিককেও বাসে তুলে সাময়িকভাবে আটক করা হয়। পরে তিনি সাংবাদিক পরিচয় নিশ্চিত করলে তাকে ছেড়ে দেওয়া হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি যখন নিজের ভিডিও রেকর্ড করছিলাম, তখন পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করতে শুরু করে যে আমি কী করছি, তারা আমাকে আটক করে। তারা কীভাবে সংবাদমাধ্যমকে আটক করতে পারে?’


এদিকে, সাংবাদিকদের আটকের এই ঘটনা নিয়ে দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।


সূত্র: হিন্দুস্তান টাইমস


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন