সারা বাংলা
প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে চুয়েট নতুন ভিসি

টানা ২১ দিনের অচলাবস্থা ভেঙে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা খুলে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকালে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়েই তিনি কার্যালয়ে প্রবেশ করেন এবং নিজের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং সাবেক উপাচার্যকে স্ব পদে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা শুরু থেকেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন। শিক্ষার্থীদের এই টানা আন্দোলনের কারণেই মূলত প্রশাসনিক ভবন তালাবদ্ধ ছিল।
শিক্ষার্থীদের এই আন্দোলনে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করে পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। দীর্ঘদিন ধরে চলা এই টানা আন্দোলন ও শাটডাউনের কারণে চুয়েটের সব ধরনের ক্লাস-পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন ও গবেষণা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়টিতে চরম প্রশাসনিক ও একাডেমিক স্থবিরতা বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মাঝে তীব্র সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।
ডিবিসি/এফএইচআর