খেলাধুলা, ফুটবল
অ্যানফিল্ডে কলা দেখালেন সিটি সমর্থকেরা, ফিরে আসলো ৪০ বছরের ঐতিহ্য

অ্যানফিল্ডের গ্যালারিতে তখন ম্যানচেস্টার সিটিকে ঘিরে বিদ্রূপ, ব্যানার আর স্লোগান। সেই উত্তপ্ত পরিবেশেই সফরকারী সিটি সমর্থকদের হাতে দেখা গেল শত শত হলুদ রঙের ফোলানো কলা। দৃশ্যটি অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে প্রায় চার দশকের পুরোনো এক গল্প।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার মাঠে নেমে রোববার (১১ অক্টোবর) লিভারপুলকে ৩–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। মাঠে দাপুটে জয়ের পাশাপাশি গ্যালারিতেও নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন ক্লাবটির সমর্থকেরা।
তবে ফোলানো কলা নিয়ে আসার রীতি বর্তমান আর্থিক বিতর্ক থেকে জন্ম নেয়নি। এটি সিটির সমর্থক-সংস্কৃতির পুরোনো একটি অংশ, যা এবার ফিরে এসেছে ক্লাবের প্রতি সমর্থকদের অটুট আনুগত্যের প্রতীক হয়ে।
যেভাবে শুরু কলার ঐতিহ্য
১৯৮৭ সালে সিটির সমর্থক ফ্র্যাঙ্ক নিউটন একটি ফোলানো কলা নিয়ে হাজির হন ক্লাবের তৎকালীন মাঠ মেইন রোডে। মজার এই উদ্যোগ দ্রুতই অন্য সমর্থকদের নজর কাড়ে এবং গ্যালারিতে জনপ্রিয় হয়ে ওঠে।
সেই সময় সিটির জনপ্রিয় স্ট্রাইকার ছিলেন ইমরে ভারাদি। তাঁকে ঘিরে সমর্থকদের মজার স্লোগান ও ডাকনামের সঙ্গেও জড়িয়ে যায় কলা। এই দুই ঘটনা মিলিয়ে ফোলানো কলা ধীরে ধীরে সিটির গ্যালারির পরিচিত অনুষঙ্গ হয়ে ওঠে।
অ্যানফিল্ডে ফিরল পুরোনো দিনের আবহ
এবার অ্যানফিল্ডে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সিটির সমর্থকগোষ্ঠী ‘১৮৯৪ গ্রুপ’। সফরকারী সমর্থকদের পুরোনো দিনের জার্সি পরে এবং ফোলানো কলা সঙ্গে নিয়ে মাঠে আসার আহ্বান জানানো হয়।
এই আয়োজনের উদ্দেশ্য ছিল অতীতের স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি কঠিন সময়েও ক্লাবের পাশে থাকার বার্তা দেওয়া। আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে স্বাধীন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে সিটি। ক্লাবটি অভিযোগও অস্বীকার করে আসছে।
ম্যানচেস্টার ইভনিং নিউজকে ১৮৯৪ গ্রুপের এক প্রতিনিধি বলেছেন, ‘আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমরা যে লিগেই খেলি না কেন, সব সময় সিটির পাশে থাকব।’
তাই অ্যানফিল্ডের গ্যালারিতে হলুদ কলার প্রদর্শন ছিল পুরোনো ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি সমর্থকদের ঐক্য ও আনুগত্যের প্রকাশ।
ডিবিসি/ আরএফই