ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

ময়মনসিংহে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। পরে বিজিবির গুলিতে নোমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হন বলে জানা গেছে। তবে বিজিবি তাকে চোরাকারবারি হিসেবে উল্লেখ করলেও স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত নোমান একজন ব্যবসায়ী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ ঝলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নোমান উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলজলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।


৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল বিজিবির একটি টহলদল। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা অতর্কিতভাবে টহলদলের ওপর হামলা চালায়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং সতর্কতামূলক গুলিবর্ষণ করেন। তবে হামলাকারীরা সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় হামলা চালালে বিজিবির এক সদস্য আহত হন। পরে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।


পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে, বিজিবির বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নিহত নোমান একজন ব্যবসায়ী এবং বিজিবির গুলিতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন