বাংলাদেশ, সারা বাংলা
নোয়াখালীতে মাদ্রাসার মাঠে ঘুমন্ত সাবেক স্বামীকে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্ত্রী তানিয়া ও শাশুড়ি করফুলের নেছাকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের একটি মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পাঁচ-ছয় বছর আগে কামাল ও তানিয়ার বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি মেয়েকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে এলেও জায়গা না পেয়ে পাশের মাদ্রাসার মাঠে ঘুমাতেন কামাল। শনিবার শ্বশুরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে রবিবার রাতে স্ত্রী তানিয়া, শ্যালক আকাশ ও শাশুড়ি করফুলের নেছা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিবিসি/এসভিএন