আন্তর্জাতিক
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড

‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যষ্টিক ভিত্তি’ নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল এবং মাইকেল উডফোর্ড। সোমবার দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের ঘোষণা দেয়।
আলফ্রেড নোবেলের স্মৃতিতে দেওয়া এই পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘স্ভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস’। এটি চলতি বছরের ঘোষিত সর্বশেষ নোবেল পুরস্কার, যার অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার।
অর্থনীতির এই নোবেলটি ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলে থাকা মূল পাঁচটি বিভাগের অংশ নয়। বরং ১৯৬৯ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কারটি প্রবর্তন করে। এখন পর্যন্ত এই পুরস্কার বিজয়ীদের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের। এর আগে ২০২৩ সালে ক্লডিয়া গোল্ডিন মার্কিন কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য নিয়ে গবেষণার জন্য মাত্র তৃতীয় নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন।
এছাড়া গত বছর জোয়েল মোকির, ফিলিপ আঘিয়ন এবং পিটার হাওইট 'সৃজনশীল ধ্বংস' এবং নতুন প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি কীভাবে প্রবৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারে তা নিয়ে কাজের জন্য এই পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, গত সপ্তাহেই চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে এবারের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
ডিবিসি/আরএসএল