সারা বাংলা
চাঁদপুরে মেঘনায় জেলেদের ধাওয়া করার সময় উল্টে গেল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঘটা এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে।
চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আলমগীর হোসাইন অভিযানের সময় স্পিডবোট ডুবে যাওয়া এবং শটগান নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে নদী থেকে ডুবে যাওয়া স্পিডবোটটি উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ শটগানটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে।
ঘটনার পর থেকে মতলব উত্তর থানা পুলিশ, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও বেলতলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে। জেলেদের ধাওয়া করার সময় ঠিক কী পরিস্থিতিতে স্পিডবোটটি ডুবে গেল, কীভাবে অস্ত্রটি নিখোঁজ হলো এবং অভিযানে কোনো সমন্বয়হীনতা ছিল কি না, তা নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিবিসি/আরএসএল