সারা বাংলা
গাইবান্ধায় সম্পত্তির বিরোধে জানাজা বন্ধ, ৭ ঘণ্টা উঠানে মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশিগঞ্জ গ্রামে সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে ভাই-বোনের বিরোধের জেরে বাবার জানাজা ও দাফন আটকে থাকার ঘটনা ঘটেছে। নিজের ন্যায্য অংশ না পাওয়ার অভিযোগে মেয়ের আপত্তির কারণে সোমবার বিকেল ৫টা পর্যন্ত ৭৫ বছর বয়সী কৃষক নাজির উদ্দিন বেপারীর মরদেহ বাড়ির উঠানেই পড়ে থাকতে দেখা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে নাজির উদ্দিন বেপারী মারা যান। সকাল ১০টায় তাঁর জানাজার সময় নির্ধারণ করা হলেও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তা আর অনুষ্ঠিত হতে পারেনি।
নিহতের মেয়ে হালিমা বেগমের অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত তিনি বাবার দাফনে সম্মতি দেবেন না বলে সাফ জানিয়ে দেন।
বিরোধ মেটাতে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করে হালিমাকে এক লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তাঁর দাবি, টাকার বদলে সম্পত্তিতে তাঁর ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করা হলেও বিরোধের কোনো সমাধান হয়নি। অন্যদিকে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শিপন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে জানান, বিরোধ মিটিয়ে দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করতে স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে। সম্পত্তির দ্বন্দ্বে বাবার মৃত্যুর পরও জানাজা ও দাফন আটকে থাকার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিবিসি/আরএসএল